নারায়ণগঞ্জে ছিনতাই সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ইমামের সংগঠনের বিরুদ্ধে অভিযোগ
নারায়ণগঞ্জে ছিনতাই সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী সন্দেহে সিজান (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) রাত ১০টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান ওই এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মাসদাইর মসজিদের ইমাম কাউসার আহমেদ সম্প্রতি এলাকার যুবকদের নিয়ে আল ফালাহ কল্যাণ সংগঠন নামে মাদক-সন্ত্রাসবিরোধী একটি সামাজিক সংগঠন গঠন করেন। শনিবার রাত ১০টার দিকে আল ফালাহ কল্যাণ সংগঠনের ৩০ থেকে ৪০ জন সদস্য সিজানের বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে তাকে বাসা থেকে ধরে নিয়ে যান। এরপর মাসদাইর মোড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে ও শারীরিক নির্যাতন করে সিজানকে গুরুতর আহত করেন তারা।

পরিণতি ও হাসপাতালে নেওয়া

এক পর্যায়ে সিজান অচেতন হয়ে পড়লে ওই অবস্থায় তাকে পরিবারের কাছে তুলে দিয়ে চলে যান সংগঠনের সদস্যরা। পরে তাকে গুরুতর অবস্থায় শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতের বাবার বক্তব্য

নিহতের বাবা ইউনুছ মিয়া বলেন, ‘স্থানীয় মসজিদের ইমাম কাউসারের নেতৃত্বে আল ফালাহ সংগঠনের সদস্যরা আমার ছেলে সিজানকে বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর তাকে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দেয়। এ সময় আমার ছেলে গুরুতর আহত হলে তার হাতের বাঁধন খুলে দেয় এবং আমাদেরকে চিকিৎসা করানোর কথা বলে তারা চলে যায়। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইমাম কাউসারের বক্তব্য

অভিযোগের বিষয়ে মসজিদের ইমাম ও আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা কাওসার আহমেদ বলেন, ‘সিজানের বিরুদ্ধে মাদক সেবন ও ছিনতাইয়ের বেশ কিছু অভিযোগ আছে। এ নিয়ে এর আগে তাকে অনেকবার বোঝানো হয়েছে। কিন্তু সে সংশোধন হননি। এদিকে শনিবার সিজান স্থানীয় এক যুবকের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করলে ওই যুবক স্থানীয়দের কাছে এসে নালিশ দেন। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সিজানকে মারধর করেন। পরে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে যারা মারধর করেছে তারা আমার কেউ না। আর আমি তাকে মারিনি।’

পুলিশের বক্তব্য

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘উত্তেজিত জনতার পিটুনিতে সিজানের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’ মারধরের বিষয়ে তিনি বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগে তাকে মারধর করা হয়েছে। এসব বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’