নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গ্রাম দেখানোর কথা বলে বেড়াতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাকিব উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
গ্রেফতারের বিবরণ
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মাইজদী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাকিব হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাদিয়া গ্রামের মো. সফিকের ছেলে।
ঘটনার বিবরণ
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের আত্মীয়। গত ৫ জুন ভুক্তভোগী তার মায়ের সঙ্গে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। সেদিন সাকিব তাকে গ্রাম দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিয়ে যান। পরে ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান সাকিব।
উদ্ধার ও আইনি ব্যবস্থা
পরে স্বজনরা ভিকটিমকে খুঁজে না পেয়ে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দেন। পরবর্তীতে আসামিকে গ্রেফতারের পর মামলা হিসেবে গ্রহণ করা হয়।
আসামি হস্তান্তর
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



