চাঁদপুরের হাজীগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। এক ভাইকে দাফনের শোক কাটতে না কাটতেই অপর ভাইয়ের মৃত্যুর খবরে কান্নায় ভারি হয়ে ওঠে পুরো পরিবেশ। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকায়।
বড় ভাই শাহিনের মৃত্যু ও দাফন
রোববার (২৮ জুন) পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার শুকু কমিশনারের বাড়ির বাসিন্দা শাহিন (৪৫) মারা যান। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ছোট ভাই আলমগীরের মৃত্যু
বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পর একই দিন রাত ১০টা ৫০ মিনিটে তার সহোদর আলমগীর হোসেন (৪০) মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সেদিন রাতেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় ও পুলিশের বক্তব্য
স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, “একই দিনে একই পরিবারের দুই সহোদর ভাইকে হারানোর মতো এমন মর্মান্তিক ঘটনা খুবই বিরল। তাদের মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো এলাকাজুড়েই শোকের ছায়া নেমে এসেছে।”
হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান বলেন, “বিষয়টি শুনেছি এবং দুই সহোদর ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।”



