ডোমারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
ডোমারে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

নীলফামারীর ডোমার উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জামেলা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী জামাল উদ্দিন। তারা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি বলদিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার বিবরণ

সোমবার (২৯ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ডোমার-জলঢাকা সড়কের বনওয়ারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ডোমারের কাজীপাড়ায় ছেলের বাসায় অবস্থানরত জামেলা বেগম চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতাল থেকে ফেরার পর স্বামীর মোটরসাইকেলে দেবীগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে বনওয়ারী মোড় এলাকায় মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা রংপুর মেট্রো-ট-১১-০৩৪২ নম্বরের একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।

মৃত্যু ও আহতের তথ্য

এতে মোটরসাইকেলের পেছনে বসা জামেলা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী জামাল উদ্দিন আহত হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের ব্যবস্থা

ডোমার থানার ওসি হাবিবুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ