মাদক মামলায় ভাগ্নের সাজার রায় শুনে মামার মৃত্যু
ভাগ্নের সাজার রায় শুনে মামার মৃত্যু আদালতে

মাদক মামলায় ভাগ্নে মিঠুনের পাঁচ বছরের সাজার রায় শুনে মামা আইয়ুব আলী মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে তাকে পাশেই ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক এস এম রাশেদুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিবরণ

প্রায় ১ হাজার ৯০০ পিচ ইয়াবা উদ্ধারের মামলায় মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১ এর বিচারক নজরুল ইসলাম ৯ আসামিকে পাঁচ বছরের সাজা দেন। আইয়ুব আলীর ভাগ্নে মিঠুনও এই ৯ আসামির মধ্যে ছিলেন। আইয়ুব আলী ভাগ্নের সঙ্গে আদালতে আসেন এবং রায়ের পর তার সঙ্গে কথা বলেন।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

সংশ্লিষ্ট আদালতের ওমেদার শহীদুল ইসলাম বলেন, ‘রায়ের পর মিঠুনের সঙ্গে তার মামা কথা বলেন। এরমাঝেই বৃষ্টি শুরু হয়। দেখি উনি কেমন যেন করছেন। বিষয়টি আদালতকে অবহিত করি। আদালত তাকে হাসপাতালে নেওয়ার জন্য বলেন। পরে কোর্টের দুই জন ও পুলিশের দুই সদস্য তাকে হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসকের বক্তব্য

ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম রাশেদুল হাসান বলেন, ‘আমাদের এখানে (হাসপাতালে) আসার আগেই তিনি মারা গেছেন। ধারণা করছি, কার্ডিয়াক অ্যারেস্টে তিনি মারা গেছেন।’

আদালতের নিরাপত্তাকর্মীর বক্তব্য

ওই কোর্টের দায়িত্বে থাকা আব্দুর আজিম বলেন, ‘দেখতে পাই, উনি বুক চেপে বসে আছেন। তাকে ধরে বসানো হয়। বসানোর পর হাত-পা ছেড়ে দেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ