সোনারগাঁয়ে নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
সোনারগাঁয়ে নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মেঘনা ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন, ঢাকার কদমতলীর শনির আখড়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ হোসেন (১৫) এবং দনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে কায়েস ভূঁইয়া (১৩)। মেরাজ রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির এবং কায়েস একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্র ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাত বন্ধু মিলে স্কুল ফাঁকি দিয়ে বুধবার দুপুরে সোনারগাঁয়ে ঘুরতে আসে। পরে তারা মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে প্রবল স্রোতে মেরাজ ও কায়েস তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য বন্ধুরা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেলে প্রথমে মেরাজ হোসেন এবং পরে কায়েস ভূইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বজনদের বক্তব্য

নিহতদের স্বজনরা জানান, পরিবারের কাউকে না জানিয়ে তারা বন্ধুদের সঙ্গে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা জানতে পারেন, দুই শিক্ষার্থী নদীতে ডুবে গেছে। তাদের দাবি, নিহতদের কেউই সাঁতার জানত না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্য

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ওসমান গনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, উদ্ধার অভিযান শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কারো কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি। তবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।