চট্টগ্রামের রাউজানে একটি নির্মাণাধীন ঘরের সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। শুক্রবার বেলা ১টা থেকে ২টার মধ্যে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঝিকুটি পাড়ায় ঘটনাটি ঘটে।
নিহতদের পরিচয় ও ঘটনার বিবরণ
নিহতরা হলেন প্রদীপ দাশ (৩৮) ও সমীরণ দাশ (৩২)। প্রদীপের বাড়ি একই ইউনিয়নের কচুখাইন গ্রামে। সমীরণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের বাসিন্দা। যে ঘরটিতে ঘটনা ঘটেছে সেটি প্রদীপের শ্বশুরবাড়ি।
ফায়ার সার্ভিস জানায়, নির্মাণাধীন ওই ঘরের সেপটিক ট্যাংকে শাটারিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় এক শ্রমিক ট্যাংকের ভেতর অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে ট্যাংকে নামেন প্রদীপ দাশ। ওই শ্রমিককে উদ্ধার করলেও পরে প্রদীপ নিজেই সেপটিক ট্যাংকে ঢলে পড়েন। খবর পেয়ে তাকে উদ্ধারে ছুটে আসেন সমীরণ। প্রদীপকে ওপরে তুলে সমীরণও ট্যাংকে ঢলে পড়েন। পরে ফায়ার সার্ভিসের লোকজন সমীরণকে উদ্ধার করেন।
উদ্ধার ও মৃত্যু নিশ্চিত
ফায়ার সার্ভিসের রাউজান স্টেশনের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ঘটনার পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুজনের লাশ বিনা ময়নাতদন্তে সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।



