রাজধানীর কামরাঙ্গীরচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৭) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— মো. পরান (২০) ও মো. ইমরান (২০)। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঘটনার বিবরণ
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তার আত্নীয়-স্বজন তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের কার্যক্রম
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ঘটনায় জড়িতরা যেন গা-ঢাকা দিতে না পারে, সে লক্ষ্যে পুলিশ বিভিন্ন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।



