রাজশাহীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা: নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার
রাজশাহীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা: ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যানটিনের সামনে এই হত্যার ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান ওরফে রকি (৩২) নগরের হেতেম খাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃতরা

গ্রেপ্তার তিনজন হলেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম। আজ শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রাজপাড়া থানা–পুলিশ।

ঘটনার বিবরণ

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির অভিযোগে রাকিবুল হাসানকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাঁকে স্টাম্প দিয়ে মারধর করা হয়। এতে তাঁর দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে আহত অবস্থায় রাত সাড়ে আটটার দিকে রাকিবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ রাজশাহী মেডিকেল কলেজে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও তদন্ত

ঘটনার পর পুলিশ বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিহত ব্যক্তির বোন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। এই মামলায় আজ সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে নগর পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ