ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, মোবাইল ছিনতাই নিয়ে সন্দেহ
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, মোবাইল ছিনতাই সন্দেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের পূর্বপাশে খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ: পরিকল্পিত হত্যাকাণ্ড

নিহত কিশোরের পরিবারের দাবি, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা জিহাদকে হত্যা করেছে। তবে পুলিশ জানায়, এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত কিশোর জিহাদ সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্থানীয় কুট্টাপাড়া মোড়ে আরজু গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করেন। পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তার বাবা আজগর আলী কুট্টাপাড়ার নাইল্লা ভাঙা খালে মাছ ধরতে যান। বিকাল ৪টার দিকে জিহাদ তার বাবার কাছ থেকে মাছ নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। পরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে সন্ধ্যার পর বাবাকে বাড়িতে নিয়ে আসার উদ্দেশে আবার বের হয়। কিন্তু রাত হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের পূর্বপাশে খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হত্যার পদ্ধতি ও মৃত্যু

দুর্বৃত্তরা তার বাঁ হাত ও বাঁ উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অনন্ত কুমার তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের তদন্ত ও ব্যবস্থা

এ বিষয়ে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এটি ছিনতাইয়ের উদ্দেশে সংঘটিত হত্যাকাণ্ড, নাকি অন্যকোনও কারণে ঘটেছে, তদন্ত শেষ হওয়ার আগে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থল পরিদর্শন করে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।