রাজশাহীর বাগমারায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক শিক্ষক দম্পতি। বৃহস্পতিবার (১৮ জুন) বাড়ীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান নিজের এবং স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে পাঁচজনের নাম উল্লেখ করে জিডিটি করেন।
ঘটনার বিবরণ
জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়নের বাড়ীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান ও সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা সম্প্রতি উভয় পরিবারের সম্মতিক্রমে বিয়ে করেন। কিন্তু তারা গোপনে বিয়ে করেছেন—এমন অভিযোগ তুলে এলাকার কয়েকজন বখাটে ওই শিক্ষক দম্পতির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
গত ৭ জুন সকালে তারা স্কুলে গেলে স্কুলপাড়ার বাসিন্দা শফিউল আলম শিবলী, মোজাম্মেল হক, জয়নাল আবেদিন, মুকুল হোসেন ও মাসুদ রানাসহ ১০-১২ জন তাদের শারীরিকভাবে নির্যাতন ও মারধর করে স্কুল থেকে তাড়িয়ে দেন। চাঁদা না দেওয়া পর্যন্ত তাদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
শিক্ষক দম্পতির বর্তমান অবস্থা
অব্যাহত হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী শিক্ষক দম্পতি বর্তমানে স্কুলে যেতে পারছেন না। তাদের পক্ষ থেকে আইনি সহায়তা চাওয়া হয়েছে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, ওই শিক্ষক-শিক্ষিকা যেহেতু বৈধভাবে বিয়ে করেছেন, কাজেই তাদের স্কুলে আসতে কেউ বাধা দিতে পারে না। জিডির পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



