মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো হবে
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকায় নিজে নিজে আসার কোনো সুযোগ নেই। হয় প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন) আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে অথবা পুশব্যাক করা হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানো হলে তিনি আত্মসমর্পণের সুযোগ পাবেন না বলে জানান তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা
ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে। বৃহস্পতিবার রাতে রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, কেবল তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের নজির নেই
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান কৌঁসুলি বলেন, সরকার কূটনৈতিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে, এরকম নজির নেই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে সংগত কারণেই যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রয়েছে, তিনি প্রথমত জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি না, সে বিষয়ে নিষ্পত্তি হবে।



