কক্সবাজারের চকরিয়ায় শিশু হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাত বছরের শিশু ওয়াহিদুল ইসলামকে নিপীড়নের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার পরদিন মঙ্গলবার সকালে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
আটক তিনজন
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন- স্থানীয় দেলোয়ার হোসেনের ছেলে মানিক ওরফে কাবিলা, আবদুল আজিজের ছেলে তারেক ও আরমান। মৃত শিশু ওয়াহিদুল ইসলাম ওই এলাকার তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।
ঘটনার বিবরণ
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় তার লাশ দেখতে পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। পূর্ব বড়ভেওলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ জানান, সকালে ফজুমিয়াজিরচর এলাকার একটি ছোট খালে শিশুটির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশের বক্তব্য
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মাসুদ বলেন, শিশুটিকে তিনজন মিলে নিপীড়নের পর হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক তিন ব্যক্তি পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।



