শেরপুরে প্রেমঘটিত ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যা, শিক্ষক গ্রেপ্তার
শেরপুরে প্রেমঘটিত ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি গ্রামে প্রেমঘটিত ঘটনায় এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার প্রেমিক সুজন (২৬) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার কিল্লাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

নিহত স্কুলছাত্রী মনতাজুর রহমান দীপা (১৬) উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সুজনের সঙ্গে দীপার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সুজন পাইখাতলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। সম্প্রতি তাদের সম্পর্কের বিষয়টি দীপার পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে শাসন করেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে দীপা কীটনাশক পান করে সুজনের বাড়িতে যান। সেখানে তিনি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে সুজন তাকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় নিহতের বাবা দুলাল মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ