রমনা পার্কে স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, আনসারের জালে যুবক
রমনা পার্কে স্কুলছাত্রী অপহরণ চেষ্টা, আনসারের জালে যুবক

রাজধানীর রমনা পার্কে চেতনানাশক খাইয়ে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের চেষ্টার অভিযোগে আল-আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছেন পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। শনিবার (৪ জুলাই) দুপুরে রমনা পার্কের কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে রমনা পার্কে যখন দর্শনার্থীদের ভিড় কিছুটা কম, তখন ১৫ বছর বয়সী এক কিশোরীর অস্বাভাবিক অবস্থা নজরে পড়ে পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের। ওই স্কুলছাত্রীর সঙ্গে আল-আমিনের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হয় তাদের। পরিস্থিতি আঁচ করতে পেরে উদ্ধার অভিযান শুরু করেন আনসার সদস্যরা।

ভুয়া পরিচয় ও জিজ্ঞাসাবাদ

পরে তারা সন্দেহভাজন আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে সাংবাদিক দাবি করে। প্রমাণ হিসেবে ঝটপট দুটি পরিচয়পত্রও প্রদর্শন করে। সন্দেহ হয় আনসার সদস্যদের, যাচাই করে দেখেন সেগুলো ভুয়া। আনসার সদস্যরা জানতে পারেন, উদ্ধার হওয়া স্কুলছাত্রী ঢাকার বিক্রমপুরের বাসিন্দা। অভিযুক্ত আল-আমিনের বাড়ি ভোলার চরফ্যাশনে, যার সঙ্গে ওই ছাত্রীর কোনও পূর্বপরিচয় ছিল না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চেতনানাশক প্রয়োগ ও জব্দ

কিশোরীকে অপহরণের উদ্দেশ্যে আল-আমিন তাকে আগেই কৌশলে চেতনানাশক পানীয় পান করিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে আনসার সদস্যরা দ্রুত ভুক্তভোগী স্কুলছাত্রী এবং অভিযুক্ত আল-আমিনকে নিজেদের হেফাজতে নেন। তল্লাশি চালিয়ে আল-আমিনের কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জব্দ মালামালসহ অভিযুক্ত অপহরণকারীকে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে রমনা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ