কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর বাজারে ঘুমন্ত অবস্থায় এক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে ল্যাংরা খোকন ওরফে জুয়ারি খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় পার্শ্ববর্তী বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ
জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকার ওই ভারসাম্যহীন নারী সারা দিন বাজারে ঘোরাঘুরি করে আশপাশের দোকানগুলোর সামনে কিংবা ফুটপাতে রাতযাপন করত। সম্প্রতি তিনি বিজয়পুর বাজারের একটি কনফেকশনারী দোকানের সামনে রাতযাপন করছিলেন। গভীর রাতে দুর্গাপুর গ্রামের ল্যাংরা খোকন ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করে।
শনিবার সকাল থেকে ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার সিসি টিভি ফুটেজ এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত খোকনকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। পরে সন্ধ্যায় কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্তের পরিচিতি ও অপকর্ম
স্থানীয়রা জানান, ল্যাংরা খোকন জুয়া, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার বোর্ড চালাচ্ছেন। একটি রাজনৈতিক মহলের ছত্রছায়ায় খোকন একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগীর উদ্ধার ও চিকিৎসা
এদিকে শিকারপুর নামক স্থান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ধর্ষণের খবরের পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নামে। সন্ধ্যায় পার্শ্ববর্তী বরুড়া উপজেলার ঝলম থেকে খোকনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে।



