প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছালেন, লালগালিচা সংবর্ধনা
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে, লালগালিচা সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে বেইজিং পৌঁছেছেন। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

স্টেশনে জমকালো সংবর্ধনা

চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে লালগালিচা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রেলস্টেশন থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে তাদের দিয়াওইউতাই গেস্ট হাউসে (রাষ্ট্রীয় অতিথি ভবন) নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীসহ সফরসঙ্গীরা এই গেস্ট হাউসেই অবস্থান করবেন।

বুলেট ট্রেনে যাত্রা

এর আগে স্থানীয় সময় বেলা ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড ট্রেনে (বুলেট ট্রেন) বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রীষ্মকালীন দাভোসে অংশগ্রহণ

বেইজিংয়ে আসার আগে সকালে চীনের দালিয়ানের ‘দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ স্থানীয় সময় সকাল ১০টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসে’ বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মালয়েশিয়া সফর শেষে চীন

মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে গত সোমবার সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানে আসেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নিয়ে মালয়েশিয়া ও চীনে এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।