রাজধানীর ডেমরায় নাসরিন আক্তার (২৭) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে ডেমরা থানার স্টাফ কোয়াটার বাঁশের পুল এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতার স্বামী প্রাইভেটকার চালক পলাশকে আটক করেছে পুলিশ।
লাশ উদ্ধার ও ময়নাতদন্ত
ডেমরা থানার উপপরিদর্শক শায়েখ খসরু জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে বাঁশের পুল এলাকার বাসা থেকে নাসরিনের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রবিবার (২৮ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
হত্যার অভিযোগ
মৃতার বাবা কৃষক ইকবাল হোসেন ঢামেক মর্গে অভিযোগ করে বলেন, তার মেয়ে নাসরিনকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, মৃতার স্বামী পলাশ একজন প্রাইভেটকার চালক ও মাদকাসক্ত। তারা বাঁশেরপুল এলাকায় থাকেন। রাত দেড়টার দিকে পলাশ তাদের সংবাদ দেন, নাসরিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে তার বাসায় গিয়ে মেয়ের লাশ দেখতে পান।
ইকবাল হোসেন আরও জানান, তার মেয়ে নাসরিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৯ বছর আগে তাদের বিয়ে হয়। মাঝে এক সন্তান হয়ে মারা যায়।
পুলিশের বক্তব্য
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলার প্রস্তুতি চলছে। মৃতার স্বামী পলাশকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
পরিচয় ও পরিবার
নাসরিন আক্তার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। বর্তমানে ডেমরা স্টাফ কোয়াটার বাঁশের পুল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন।



