স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, বিরোধী দল মাঝেমধ্যেই সংস্কারের কথা বলে এবং জুলাই সনদের কথা উল্লেখ করে, কিন্তু তারা শুধু সেই সংস্কারের পক্ষে কথা বলে যা তাদের ক্ষমতার ভাগ দেবে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতে বিরোধী দলের ভূমিকা
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ওনারা (বিরোধী দল) স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে এক দিনও কথা বলেনি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল। তারা অনেক কিছু চিন্তাভাবনা করে অনেক কিছু লিখে দিয়েছে। আমি খুশি হতাম আমাদের বিরোধী দল যদি সেই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের এখানে কথা বলত।’
স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ
এ সময় প্রতিমন্ত্রী তার বক্তব্যে কয়েকটি চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, ৭১ ভাগ মৃত্যু হচ্ছে অসংক্রামক ব্যাধির কারণে। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অতিমারি ও মহামারি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশই রোগীদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়। থাইল্যান্ডে এই হার মাত্র ১০ শতাংশ। মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।
সরকারের পরিকল্পনা
মুহিত স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের মূল লক্ষ্য ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো কথা উল্লেখ করে বলেন, সরকার একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চায়। সেখানে ধনী-গরিব নির্বিশেষে বিনা মূল্যে সহজলভ্য চিকিৎসা পাবে।



