রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ঝালমুড়ি কিনতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক বৃদ্ধ দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম।
গ্রেফতার ব্যক্তি ও ঘটনার বিবরণ
গ্রেফতার লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ঝালমুড়ি ব্যবসায়ী। বর্তমানে ভুক্তভোগী ওই শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশুটি ঝালমুড়ি কিনতে লুৎফরের দোকানে যায়। এ সময় লুৎফর তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে সবকিছু খুলে বলেন। এরপর পরিবারের লোকজন শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।
পুলিশের পদক্ষেপ ও মামলা
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম যুগান্তরকে বলেন, "অভিযুক্ত লুৎফুর রহমানকে স্থানীয়রা মারপিট করে পুলিশকে খবর দেন। পরে আমরা তাকে গ্রেফতার করি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। শিশুটি যেহেতু এখনো চিকিৎসাধীন রয়েছে তাই হাসপাতালের রিপোর্ট পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"



