বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে বড় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বুধবার (১ জুলাই) থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। পরিবর্তে, আবেদন জমা দেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করবে সিস্টেম।
নতুন ব্যবস্থার বিস্তারিত
আইভ্যাক জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করছে। প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আবেদনকারীদের আলাদাভাবে টাইম স্লট নির্বাচন করতে হবে না।
আবেদনকারীদের জন্য নির্দেশনা
ভিসা আবেদন নির্বিঘ্নে ও সময়মতো জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণে উল্লেখিত নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে আইভ্যাক। এই নতুন সিস্টেম আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।



