কুষ্টিয়ার মিরপুরে রিপন কাজী (২৫) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুরের তালতলা সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থলের পাশে একটি ইট পড়েছিল।
নিহত ব্যবসায়ীর পরিচয়
নিহত রিপন মিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার ‘রিপন স্টোর’ মুদি দোকানের মালিক ও একই এলাকার আলম কাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে নিজ দোকান থেকে একটু দূরে রিপন কাজীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
পুলিশের বক্তব্য
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থলে একটি ইট পাওয়া গেছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে প্রতিবেদন এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
ঘটনার বিবরণ
উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কারও মারধরে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণে মারা গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।



