গাইবান্ধার সাদুল্লাপুরে মক্তবে পড়তে গিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনির হোসেন (২২) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্তের পরিচয় ও ঘটনার বিবরণ
গ্রেফতার মনির কামারপাড়া ইউনিয়নের একটি মসজিদের মুয়াজ্জিন ও একই এলাকার মিলন মিয়ার ছেলে। শুক্রবার বিকালে ভুক্তভোগী শিশুটি ওই মসজিদে মক্তব পড়তে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকালের দিকে মক্তব পড়ানো শেষে সব শিক্ষার্থীকে ছেড়ে দিয়ে ৭ বছর বয়সী ভুক্তভোগী শিশুকে কৌশলে আটকে রাখে অভিযুক্ত মুয়াজ্জিন। পরে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে।
স্থানীয়দের প্রতিক্রিয়া ও আইনি পদক্ষেপ
বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানতে পেরে তাকে আটক করে। পরে ভুক্তভোগী শিশুর পরিবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মনির নামের এক মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আসামিকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।



