লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যা, যুবক আটক
লক্ষ্মীপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, যুবক আটক

লক্ষ্মীপুরের রায়পুরে দা নিয়ে বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের টিনহাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

নিহত তিনজন হলেন শাহীনুর বেগম (৪০), তাঁর দুই মেয়ে ইকরা বেগম (১৮) ও সিপা বেগম (১০)। এর মধ্যে ইকরা ও সিপা ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত অবস্থায় শাহীনুর বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইকরা দ্বাদশ শ্রেণি ও সিপা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই ঘটনায় শাহীনুরের বড় মেয়ে ছায়মা আক্তার (২১) গুরুতর আহত হয়েছেন। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আটক ও স্থানীয়দের ভূমিকা

এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা থানায়। তাঁরা দীর্ঘদিন ধরে রায়পুরে ভাড়া বাসায় থাকতেন। দুপুর ১২টার দিকে প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি দা নিয়ে বাসাটিতে ঢোকেন। এরপর এলোপাতাড়ি কুপিয়ে মা ও তিন মেয়েকে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসক ও পুলিশের বক্তব্য

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই দুই বোনের মৃত্যু হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়। নিহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তাদের গলাতেও গুরুতর জখম পাওয়া গেছে। আহত বোনের অবস্থাও আশঙ্কাজনক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।