আত্মহত্যা প্ররোচনা মামলায় মেডিকেল শিক্ষার্থী সাকিনের একদিনের রিমান্ড
আত্মহত্যা প্ররোচনায় মেডিকেল শিক্ষার্থীর একদিনের রিমান্ড

রংপুরে শিক্ষার্থী নুজশাত জাহান আত্মহত্যা প্ররোচনার আলোচিত মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে কারাগার থেকে সাকিনকে আদালতে নেওয়া হয়।

আদালতে রিমান্ড শুনানি

এদিন রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইনের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক সাকিনের তিন দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে সাকিনের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। এ সময় আদালতের কাছে পুলিশ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উপস্থাপন করলে আদালতের বিচারক আগামী ৩ দিনের যেকোনো একদিন জিজ্ঞাসাবাদের জন্য সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নাকচ করেন। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সাকিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাদীপক্ষের বক্তব্য

বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন বলেন, মামলার উপাদান, মোবাইলের তথ্য প্রমাণ বিশ্লেষণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করেন। আদালত সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ১৬ জুন সাকিন রাত সাড়ে ৩টার দিকে নুজশাতকে মোবাইলে ফোন করে দীর্ঘ ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন। গত তিন মাসে ১১৮ বার তাদের মোবাইল ফোনে কথা হয় এবং মেসেজ আদান-প্রদান করা হয়। গভীর রাতে এত দীর্ঘক্ষণ কোনো ছাত্রীর সঙ্গে শিক্ষকের কথা হতে পারে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিবাদীপক্ষের বক্তব্য

বিবাদীর আইনজীবী আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, ৩০৬ ও ১০৯ ধারায় মামলা করার জন্য এজাহারে যে উপাদান থাকতে হয়, তার কিছুই নেই। পুলিশের কাছে দুটি মোবাইল ফোনই ছিল। তারা তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সব ধরনের তথ্য বের করতে পারবে। এর জন্য রিমান্ডের কোনো প্রয়োজন পড়ে না। আমরা সাকিনের জামিন আবেদন করেছিলাম। আদালত যেহেতু একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন, তাই আমাদের আবেদন নাকচ করেছেন। রিমান্ড শেষে পুনরায় জামিনের আবেদন করা হবে।

ঘটনার বিবরণ

উল্লেখ্য, গত ২২ জুন বিকালে নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহান। এ ঘটনায় পরের দিন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা করেন নুজশাতের বাবা নজরুল ইসলাম। এ ঘটনায় ওই দিনই অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ও নুজশাতের প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেফতার করে পুলিশ।