যশোরের অভয়নগর উপজেলায় মঙ্গলবার একাধিক অপরাধ মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম রিয়াজ হোসেন (২৯)। তিনি ধলিরগাতি গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশের বক্তব্য
পুলিশ জানিয়েছে, রিয়াজ হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক অপরাধ মামলা ছিল। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, রাত সাড়ে ১টার দিকে ধলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ হামলা চলে। একদল দুর্বৃত্ত তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
হাসপাতালে মৃত ঘোষণা
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সবুজ জানান, রাত আড়াইটার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ বলে মনে করছেন চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রিয়াজ এলাকায় অপরাধী হিসেবে পরিচিত ছিল এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত ছিল। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ওসি জানান, খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



