ঘটনার বিবরণ
গাজীপুরের টঙ্গীতে ১০ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কামরুজ্জামানকে (৫৪) আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে টঙ্গীর নামাবাজার এলাকার আছহাবে সুফফা ইসলামিয়া নূরানি মাদ্রাসা থেকে তাকে আটক করে পশ্চিম থানা পুলিশ। তিনি ওই মাদ্রাসার শিক্ষক।
ঘটনার সময়রেখা
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদ্রাসার ক্লাস রুমের পাশে থাকা একটি দোকানের ভেতর ছাত্রীকে বসতে বলা হয়। কিছুক্ষণের মধ্যে দোকানে এসে শিক্ষক কামরুজ্জামান ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এরপর বেলা ১১টার দিকে মাদ্রাসা ছুটি হলে ভিকটিম বাসায় গিয়ে তার মাকে বিষয়টি জানায়।
স্থানীয়দের প্রতিক্রিয়া
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ বস্তিবাসী ওই শিক্ষককে আটক করে। এরপর টঙ্গী পশ্চিম থানা পুলিশ সংবাদ পেয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের বক্তব্য
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, 'মাদ্রাসা শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'



