স্বামী হত্যায় স্ত্রীসহ ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
স্বামী হত্যায় স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

মুকুল মল্লিক হত্যা মামলায় রায়

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বহুল আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় তার স্ত্রীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় দেন।

দণ্ডিত ও খালাসপ্রাপ্ত আসামিরা

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: নিহত মুকুল মল্লিকের স্ত্রী মোছা. ফিরোজা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মো. আলমগীর হোসেন এবং একই গ্রামের মো. বিল্লাল হোসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যদিকে, মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি মো. ফারুক হোসেন ও মো. মাসুদ রানাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরে ১৩ এপ্রিল একই গ্রামের বাঘমারা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা মোছা. আজিরন বেগম বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদালতে উপস্থিতি ও পরোয়ানা

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি মুকুল মল্লিকের স্ত্রী ফিরোজা খাতুন ও বিল্লাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডিত আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ