সাংবাদিকদের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর
সাংবাদিকদের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

জাতীয় একটি দৈনিকের প্রকাশক-সম্পাদকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেফতারের ঘটনায় শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার রাতে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

অপতথ্য প্রচার প্রসঙ্গে

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এর প্রেক্ষিতে সবার প্রতি বিনীত অনুরোধ, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।

ঘটনায় দুঃখ প্রকাশ

সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক-সম্পাদকসহ ছয় সাংবাদিককে নিয়ে উদ্ভুত ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। তিনি আশা ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন এবং গ্রেফতার সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একই সঙ্গে, যেহেতু মামলার বাদীও একজন সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই এ ঘটনাকে কেন্দ্র করে মহান পেশা সাংবাদিকতায় কর্মরত সাংবাদিক সমাজের দু’পক্ষের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়। সেদিকে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ

পাশাপাশি প্রতিমন্ত্রী তার সম্পর্কে প্রচারিত বিভিন্ন অপতথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ