বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আইনশৃঙ্খলার উন্নতি খুবই অপরিহার্য, এর কোনো বিকল্প নেই। অপরাধীর কোনো দল নেই, আদর্শ নেই। তিনি তো শুধুই অপরাধী, তার কোনো ছাড় নেই।
আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য
বৃহস্পতিবার (২৫ জুন) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. খন্দকার মারুফ বলেন, সমাজে আশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করতে বর্তমান সরকারের নীতিগত অবস্থান ‘জিরো টলারেন্স’। জনস্বার্থ বিনষ্টকারী এসব অপরাধী আইনের ফাঁকফোকর দিয়ে যাতে রক্ষা না পায়, সে ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নিতে মেঘনা থানার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
জননিরাপত্তা ও সেবার মানোন্নয়ন
জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিগত সরকার দুঃশাসন, জুলুম নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সব ক্ষেত্রে ধ্বংস করে পালিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রপথিক হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। ইনশাআল্লাহ, আগামী দিনে তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে সন্মানজনক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
বিএনপির ভূমিকা
বিএনপির এই নেতা বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের কল্যাণে যুগান্তকারী উন্নয়ন করে। জনগণ নিরাপদে, সুখ-স্বাচ্ছ্যন্দে জীবনযাপন করতে পারে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। মানুষ এসব কাজের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছেন। তিনি কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার প্রবর্তিত কৃষি ও জনবান্ধব প্রকল্প ‘খাল খনন কর্মসূচি’ আবারও চালু করেছেন। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। তিনি অসহায়, দুঃস্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন। তারেক রহমান রাষ্ট্রের প্রচুর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে আপামর জনগণের ভালোবাসা পাচ্ছেন। জনগণ তাকে ঘিরে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন, সদস্য সচিব এম. এম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন প্রমুখ।



