বাগমারা উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর তোফাজ্জল হোসেন এবং তার পরিবারের সদস্যদের এলাকার কিছু বখাটে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) কে সহযোগিতা করায় এই হুমকি দেওয়া হয়।
থানায় জিডি দায়ের
ঘটনায় ভুক্তভোগী তোফাজ্জল হোসেন নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাগমারা থানায় চার বখাটের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্প্রতি গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ পুকুর খনন এবং হাটদামনাশ বাজারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক ব্যক্তিকে জেল-জরিমানা করেন।
হত্যাচেষ্টা ও ভাঙচুর
অভিযোগ রয়েছে, তোফাজ্জল হোসেনের ইন্ধনে এসব অভিযান চালানো হয়েছে বলে পারদামনাশ গ্রামের আব্দুল হাকিম, রফিকুল ইসলাম ও রাজিব হোসেনসহ কয়েকজন গত ২৮ জুন রাতে হাটদামনাশ বাজারে তোফাজ্জল হোসেনকে হত্যার চেষ্টা করে। তোফাজ্জল হোসেন মোটরসাইকেলে পালিয়ে প্রাণে বাঁচেন। পরে বখাটেরা তার বসতবাড়ির নির্মাণাধীন পাকা ইটের প্রাচীর ভেঙে দেয় এবং তোফাজ্জল ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় বলে জিডিতে দাবি করা হয়েছে।
পুলিশের ব্যবস্থা
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, জিডির পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাট গাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের এসআই নুরুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।



