দীর্ঘ দেড় বছর পর হাইকোর্ট থেকে সব মামলায় জামিন পেলেও শেষ পর্যন্ত কারামুক্ত হতে পারেননি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী। নতুন আরেকটি মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালত পুলিশের আবেদন মঞ্জুর করার পর তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত ও মামলার বিবরণ
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা একটি মামলায় ২ নম্বর আসামি হিসেবে ২০২৫ সালের ৭ এপ্রিল রাজধানী ঢাকা থেকে কেরামত আলীকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের হওয়া অপর একটি মামলায় তাকে আসামি দেখিয়ে গ্রেফতার দেখানো হয়।
গত ৪ জুন হাইকোর্ট থেকে এসব মামলায় জামিন পান তিনি। সব আইনি প্রক্রিয়া শেষে ৯ জুন তার কারামুক্ত হওয়ার কথা ছিল। তবে ওই দিনই পুলিশ তাকে নতুন আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করে। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন এবং পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শারীরিক অবস্থা ও আইনজীবীর বক্তব্য
কেরামত আলীর আইনজীবী উজির আলী শেখ ও সাবেক এপিপি মো. রফিকুল ইসলাম জানান, ৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ কাজী কেরামত আলী বর্তমানে শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এই মুহূর্তে তাকে জেলের ভেতরে না রেখে উন্নত চিকিৎসা দেওয়া অত্যন্ত জরুরি। এজন্য হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছিল। কিন্তু নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে নিম্ন আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।



