জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষের বারান্দায় কালিমা খচিত সাদা-কালো পতাকা টানানোর ঘটনায় চার আবাসিক শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে হল প্রশাসন। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
শোকজ নোটিশ ও তদন্ত কমিটি
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে হলের ওয়ার্ডেন ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মীর ফেরদৌস হোসেন স্বাক্ষরিত নোটিশে শিক্ষার্থীদের শোকজ করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মণ্ডল এবং ড. সাহাদাত হোসেন। শোকজপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের ৫৩তম ব্যাচের আরিফ হাসনাত (শামীম), লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের রাকিব, রসায়ন বিভাগের ৫২তম ব্যাচের গিয়াসউদ্দিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৫তম ব্যাচের সাদ আব্দুর রহমান। তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৩০২ নম্বর কক্ষের সঙ্গে সংশ্লিষ্ট। তবে প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ আব্দুর রহমান এখনও ওই কক্ষে ওঠেননি বলে জানা গেছে।
ঘটনার বিবরণ
নোটিশে বলা হয়, গত ২৭ জুন হলের তৃতীয় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় একটি সাদা-কালো পতাকা টানানো হয়। পরে পতাকাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের ব্যাখ্যা চেয়ে শোকজ করা হয়েছে।
শিক্ষার্থীদের বক্তব্য
শোকজপ্রাপ্ত শিক্ষার্থীদের দাবি, কক্ষের একজন শিক্ষার্থী ধর্মীয় অনুভূতি থেকে পতাকাটি টানিয়েছিলেন। বিষয়টি নিয়ে এত আলোচনা হবে বলে তারা ধারণা করেননি। পরে একটি ফেসবুক পেজে পতাকার ছবি প্রকাশিত হওয়ার পরই সেটি খুলে ফেলা হয়।
প্রশাসনের অবস্থান
হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, পতাকাটি টানানোর পর এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। দেশের বিভিন্ন স্থানে একই ধরনের পতাকা নিয়ে আলোচনা চলায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



