সাংবাদিক-শিক্ষক শাহেদ কামাল আর নেই, বয়স হয়েছিল ৮৬ বছর
সাংবাদিক-শিক্ষক শাহেদ কামাল আর নেই

কবি সুফিয়া কামালের ছেলে, সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল আর নেই। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

মৃত্যুর কারণ ও হাসপাতালে ভর্তি

পরিবার সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত সমস্যাসহ নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হন। শনিবার সকালে তাকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।

তার ছোট বোন মানবাধিকার কর্মী সুলতানা কামাল মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইফ সাপোর্ট খুলে দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুলতানা কামাল বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেষ শ্রদ্ধা ও দাফন

আত্মীয়-স্বজন ও বন্ধুদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য ধানমন্ডি ৩২ নম্বরে তাদের আবাসস্থল ‘সাঁঝের মায়ায়’ দেহ রাখা হবে। রাতে ফ্রিজার গাড়িতে মরদেহ সংরক্ষণ করা হবে। রোববার (৫ জুলাই) বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরেই তাকে সমাহিত করা হবে।

সাংবাদিকতা ও শিক্ষাজীবন

শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সরকারি বার্তা সংস্থা বাসস-এ বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে বাসসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে দায়িত্ব পালন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ