ঢাকা-১৫ আসনে পানি সংকট সমাধানে ঐক্যবদ্ধ উদ্যোগ, পাঁচটি গভীর নলকূপ স্থাপনের ঘোষণা
ঢাকা-১৫ আসনে পানি সংকটে পাঁচটি গভীর নলকূপ স্থাপনের ঘোষণা

বিরোধীদলীয় নেতা ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান আজ বুধবার একসঙ্গে রাজধানীর মিরপুরের ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। পরে সমস্যা সমাধানে সমন্বিত ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় উঠে আসা সমস্যা

আজ সকালে ঢাকা-১৫ আসনের পৃথক চারটি স্থানে এলাকার বাসিন্দাদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। এসব সভায় মিরপুরের বিভিন্ন এলাকায় চলমান ঢাকা ওয়াসার পানির প্রকট সংকটের বিষয়টি উঠে আসে। এ ছাড়া গ্যাসের সমস্যা, এডিস মশা নিয়ন্ত্রণ, খালে অবৈধ দখল, জলাবদ্ধতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং ও পরিষ্কার–পরিচ্ছন্নতার বিষয়গুলো তুলে ধরা হয়।

পানির সংকট নিরসনে পশ্চিম শেওড়াপাড়া ও মণিপুর এলাকায় ওয়াসার পাঁচটি গভীর নলকূপ (পাম্প) স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান বিরোধীদলীয় নেতা, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও উত্তর সিটির প্রশাসক। এ জন্য দ্রুত উপযুক্ত স্থান নির্ধারণে এলাকাবাসীর সহযোগিতা চান। পাশাপাশি বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রী ও প্রশাসক নিজ নিজ তহবিল থেকে প্রতিটি পাম্প স্থাপনে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিরোধীদলীয় নেতার বক্তব্য

পৃথক মতবিনিময় সভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে তাঁর উত্থাপিত বিষয় প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এর ধারাবাহিকতায় সরকারি দল ও বিরোধী দলের প্রতিনিধিরা প্রথমবারের মতো একসঙ্গে এলাকায় এসে মানুষের সমস্যা শুনছেন। তিনি বলেন, ঢাকা-১৫ আসনে পানির তীব্র সংকট, গ্যাস–সংকট ও কিশোর গ্যাংসহ নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা শুধু সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। জনগণকে সঙ্গে নিয়েই সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এসব সমস্যার সমাধানে কাজ করবে।

প্রতিমন্ত্রী ও প্রশাসকের বক্তব্য

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর সমস্যা ও দুর্ভোগের কথা শুনতে তাঁরা এসেছেন। তিনি বলেন, ঢাকা উত্তর সিটির প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণের অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। সরকারি দল, বিরোধী দল ও জনগণের সমন্বিত অংশগ্রহণে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও বলেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশন নিয়মিত বর্জ্য অপসারণ, এডিস মশা নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার, নালা ও সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে। পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তুলতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

পরিদর্শন ও সভার স্থান

আজ সকাল ৯টার দিকে প্রথমে পশ্চিম শেওড়াপাড়া এলাকার ৩ নম্বর গলিতে প্রথম মতবিনিময় সভা হয়। এরপর তাঁরা হেঁটে গিয়ে মিরপুরের বগারমার খাল পরিদর্শন করেন। পরে পূর্ব মণিপুর বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় ও ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার লোকজনের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এসব সভায় সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থা, তথা ঢাকা ওয়াসা ও তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।