খুলনায় নেশাগ্রস্ত বাবা আলীম হোসেন আকাশ তার নিজ মেয়ে স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনাকে (১৭) হত্যা করেছেন। কথার অবাধ্য হওয়ায় রাগের মাথায় মেয়ের মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে মারা যায়। পরে লাশ বস্তাবন্দি করে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে পালিয়ে যান বাবা। তিনি এখনও পলাতক রয়েছেন।
মায়ের স্বীকারোক্তি
নিহত নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমা আক্তার শুক্রবার (১০ জুলাই) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারুক ইকবালের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে তিনি হত্যার ঘটনার বিবরণ দেন। শুক্রবার বিকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে সকালে থানায় এলে অসংলগ্ন কথাবার্তার কারণে তাকে সন্দেহজনকভাবে আটক রাখা হয়।
ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) দিনগত রাতে মহানগরীর ইকবাল নগর স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আরফানা হোসেন নির্জনার বস্তাবন্দি লাশ উদ্ধার হয়। ৯ জুলাই সকালে মা হাসপাতাল মর্গে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন। তাদের বাসায় গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় পায় পুলিশ।
মায়ের ভূমিকা
প্রথমদিকে সংবাদমাধ্যমের কাছে মা ভিন্ন ঘটনা উল্লেখ করে মেয়ের বিয়ের কথা বলেন। শুক্রবার সকালে অসংলগ্ন কথার কারণে তাকে আটক করা হয়। এরপরও তিনি ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন, দুই বিয়ে ও বাড়ির বাইরে থাকার কারণে মেয়ের ওপর বাবার খুব রাগ ছিল। বাবা নেশাও করতেন। গত বুধবার সন্ধ্যার দিকে নেশাগ্রস্ত অবস্থায় মেয়ের ওপর রাগ করে মাথার পেছনে আঘাত করেন। অজ্ঞান হয়ে পড়ে মেয়ে নির্জনা। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এরপর তড়িঘড়ি করে লাশ বস্তাবন্দি করে ওই আবাসিক এলাকায় ফেলে পালিয়ে যান আকাশ। এ কাজে সহযোগিতা করেন মা সীমা।
আইনি প্রক্রিয়া
খুলনা সদর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুস সাত্তার জানান, আদালতে হাজির করার পর নিহতের মা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠান। সূত্রে জানা গেছে, বাবার হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার পর মা সীমা ভেঙে পড়েন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাবা আকাশ এখনও পলাতক। তাকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে শনিবার (১১ জুলাই) সকালে কেএমপির পক্ষ থেকে প্রেস ব্রিফিং ডাকা হয়েছে।



