আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ফ্যাসিস্ট আমলের কর্মসূচি দেশের স্বার্থবিরোধী ছিল বলে সেখান থেকে সরকার বের হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, দেশের মানুষের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করেই আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি করা হবে।
নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা
রোববার (১২ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে আইএমএফের ১২ সদস্যের একটি মিশন অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করছিল। চলতি সপ্তাহজুড়ে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে এ মিশন।
আধুনিক ভিসা নীতি প্রসঙ্গে
অর্থমন্ত্রী বলেন, ‘আধুনিক বাংলাদেশ গড়তে হলে সব খাতেই পরিবর্তন আনতে হবে, সেই ধারাবাহিকতায় নতুন ভিসা নীতিও তৈরি করা হচ্ছে। একটি দেশের ভিসা নীতিই বলে দেয় দেশটি কতটা সহজগম্য, নাকি সেখানে ঢুকতে অনেক প্রতিকূল অবস্থা বিরাজ করছে। আধুনিক ভিসা নীতির দরকার আছে, সে কারণে রিভাইজ করা হচ্ছে। এর ফলে পর্যটন, বিনিয়োগ বাড়াতে ভিসা নীতির বড় ভূমিকা আছে।’
আইএমএফের চলমান কর্মসূচি থেকে বের হওয়া
আইএমএফের চলমান কর্মসূচি থেকে বের হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইএমএফের সাথে আওয়ামী লীগ আমলের প্রোগ্রাম দেশের স্বার্থবিরোধী ছিল, না হলে আমরা সেখান থেকে বের হলাম কেন! আগের প্রোগ্রামের অনেকগুলো শর্ত ছিল, যেগুলো একটি নির্বাচিত সরকার হিসেবে আমরা মনে করি দেশের জনগণের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে এসে আমরা নতুন প্রোগ্রামে যাচ্ছি।
জনগণের স্বার্থে নতুন প্রোগ্রাম
মন্ত্রী আরও বলেন, ‘দেশের অর্থনীতির জন্য, জনগণে স্বার্থে যে ধরনের প্রোগ্রাম প্রয়োজন সেটি নেওয়া হবে। কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, যে প্রোগ্রামে যাবো সেটিতে দেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা সেটিই চিন্তা। কিস্তির টাকার চেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামে যাব সেটি দেশ ও মানুষের স্বার্থ সংরক্ষিত হবে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’



