স্ত্রীকে মৃত ভেবে থানায় হাজির স্বামী, পুলিশ গিয়ে দেখে বেঁচে আছেন
স্ত্রীকে মৃত ভেবে থানায় হাজির স্বামী, পুলিশ গিয়ে দেখে বেঁচে

কুমিল্লার বুড়িচং উপজেলায় স্ত্রীকে গলায় বঁটির কোপ দিয়ে মৃত ভেবে থানায় হাজির হন স্বামী। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, গুরুতর আহত হলেও ওই গৃহবধূ তখনও জীবিত। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সময় ও স্থান

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের গণেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফুর রহমান।

আহত ও অভিযুক্তের পরিচয়

বুড়িচং থানা পুলিশের তথ্যমতে, আহত গৃহবধূর নাম ইসরাত জাহান ইভা (২২)। তিনি বুড়িচং উপজেলার নয়াকামতা এলাকার মনির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মোহাম্মদ কাজল (২৮) উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। তিনি গণেশপুর এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হত্যাচেষ্টার বিবরণ

ওসি লুতফুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাজল প্রথমে স্ত্রীর শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ঘরে থাকা একটি বঁটি দিয়ে ইভার গলায় এলোপাতাড়ি কোপ দেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় মৃত ভেবে ঘরের মেঝেতে ফেলে রেখে চলে যান। স্ত্রী মারা গেছেন—এমন ধারণা নিয়ে তিনি দেবপুর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন।

উদ্ধার ও চিকিৎসা

পরে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ইভাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে ঢামেক হাসপাতালে পাঠান।

আইনি প্রক্রিয়া

ওসি আরও জানান, অভিযুক্ত কাজল পুলিশি হেফাজতে আছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ