একদিনে ২ হাজার ৪১১ পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্টে
একদিনে ২ হাজার ৪১১ পুরাতন মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে বৃহস্পতিবার (২ জুলাই) একদিনে মোট ২ হাজার ৪১১টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের আওতায় এই মামলাগুলো নিষ্পত্তি হয়।

বৃহস্পতিবারের নিষ্পত্তির বিবরণ

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে মোট ১ হাজার ৬৫৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই দিনে রিট মোশন বেঞ্চগুলোতে নিষ্পত্তি হয় আরও ৭৫৬টি পুরাতন রিট মামলা। ফলে একদিনে মোট ২ হাজার ৪১১টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে।

ছয় কার্যদিবসের অগ্রগতি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ছয় কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ১৯ হাজার ৮৩৬টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৭২৪টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে এ সময়ে মোট ২৬ হাজার ৫৬০টি পুরাতন মামলার নিষ্পত্তি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্যোগের লক্ষ্য ও ধারাবাহিকতা

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলো দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কার্যক্রমের সূচনা ও ভবিষ্যৎ

এতে আরও বলা হয়, ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোর বিচারপতিরা দীর্ঘদিনের পুরাতন মামলাকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম শুরু করেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুরাতন মামলা নিষ্পত্তির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।