অবসরে যাওয়ার পর যুগ্ম সচিবের পদোন্নতি বাতিল করল সরকার
অবসরে যাওয়ার পর যুগ্ম সচিবের পদোন্নতি বাতিল

অবসরে যাওয়ার পর যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া এক কর্মকর্তার পদোন্নতি বাতিল করেছে সরকার। শনিবার (১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি বাতিলের সিদ্ধান্ত

প্রজ্ঞাপনে বলা হয়, গত বৃহস্পতিবার যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মাইনুল হক ভূঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু বাতিল করা হলো। সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতি বাতিলের সিদ্ধান্ত ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

কারণ কী?

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চাকরিতে কর্মরত না থাকলে পদোন্নতি কার্যকর করার সুযোগ নেই। সে কারণেই অবসরে যাওয়ার পর দেওয়া পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনা করে তা বাতিল করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পদোন্নতি তালিকায় ৫৩ নম্বরে

গত বৃহস্পতিবার উপসচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন ১৭৯ জন কর্মকর্তা। সেই তালিকায় ৫৩ নম্বরে ছিলেন মাইনুল হক। গত ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ওই কর্মকর্তা চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। তবে এর ৯ দিন পর যুগ্ম সচিব পদে ১৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাঁর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বয়স ৫৯ বছর পূর্তি

মাইনুল হকের বয়স ৫৯ বছরপূর্তি হওয়ায় সরকারি চাকরি আইনে তাঁকে অবসরে পাঠানো হয়। একই ব্যক্তিকে একদিকে অবসরে পাঠানো, অন্যদিকে অবসরের পর পদোন্নতি দেওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এর ফলে গতকাল আনুষ্ঠানিকভাবে তাঁর প্রজ্ঞাপন বাতিল করল সরকার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ