ঠাকুরগাঁওয়ে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেট থেকে উদ্ধার
ঠাকুরগাঁওয়ে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের একটি গ্রাম থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম। তিনি জানান, স্কুলছাত্রীদের উদ্ধারের বিষয়টি ঠাকুরগাঁও পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে।

উদ্ধার অভিযানের বিবরণ

বুধবার দুপুরে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ দিন-রাত অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর বুধবার দুপুরে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়। সে সময় তারা গোয়াইনঘাট যাওয়ার উদ্দেশ্যে বাসের অপেক্ষায় ছিল।

মানবপাচারের সন্দেহ

প্রাথমিক তদন্তে জানা গেছে, চার ছাত্রী প্রথমে ঢাকায় গিয়েছিল। পরে তারা সিলেটে পৌঁছায়। পুলিশের ধারণা, একটি মানবপাচারকারী চক্র নানা প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের জিডি ও তদন্ত

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চার ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে এবং উদ্ধারে অভিযান পরিচালনা করে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিচয়

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো— উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিখোঁজের ঘটনা

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে চার ছাত্রী প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে একসঙ্গে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে প্রাইভেট শিক্ষক ও বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সেদিন তারা সেখানে উপস্থিতই হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পুলিশের বক্তব্য

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেট থেকে নিরাপদে ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। মানবপাচারকারী কোনো চক্র এর সঙ্গে জড়িত কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।