সাবেক এমপি নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ
সাবেক এমপি নূর মোহাম্মদ তিন দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ সোহেল সরকার আসামি নূর মোহাম্মদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী কামরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের ঘটনা

গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে। মামলার এজাহার অনুযায়ী, ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল–সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীদের নিয়ে মিছিল করেন নূর মোহাম্মদ।

অভিযোগের বিবরণ

অভিযোগে বলা হয়েছে, তাঁরা লাঠিসোঁটা ও উসকানিমূলক ব্যানার নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, ব্যানার ও মুঠোফোন উদ্ধার করে পুলিশ। এ মামলায় তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিমান্ডের যুক্তি

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে নূর মোহাম্মদের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার ও ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অতীত মামলা

গতকাল রাতে নূর মোহাম্মদকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ