জুলাই আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঝিনাইদ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলাম এ আদেশ দেন।
গ্রেফতার দেখানোর আবেদন ও আদালতের আদেশ
ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন সোমবার। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এদিন শুনানিকালে তাকে আদালতে তোলা হয়। এরপর তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর হয়।
আসামিপক্ষের বক্তব্য
গ্রেফতার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী সামসুর রহমান বাদল বলেন, সাবেক এই এমপিকে হাইকোর্ট ডিভিশন থেকে ইতোমধ্যে রামনা থানা মামলার জামিন দেওয়া হয়েছে। যখন তিনি মুক্তি পাবেন তখনই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে।
শুনানিতে আদালতকে তিনি বলেন, এই মামলায় এজাহার নামিও আসামি নয়, তাকে রাজনৈতিক হয়রানি করতে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। তিনি শারীরিকভাবে অসুস্থ বয়স বিবেচনা তাকে গ্রেফতার না দেখানোর প্রার্থণ করেন তিনি।
মামলার বিবরণ
মামলার বিবরণ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট রুবেলসহ কয়েকশ’ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৪ সালের ২২ অগাস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।



