রাজধানীর বিমানবন্দর থানায় করা প্রাইভেট কারচালক বাবুল হত্যা মামলায় দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু সাঈদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে আদালতে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী তাহমিনা সুলতানা আবেদন নামঞ্জুরের আরজি জানান।
মামলার অভিযোগ
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই বছরের ১৮ জুলাই উত্তরা এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন প্রাইভেট কারচালক বাবুল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গত বছরের ২২ জুলাই বাবুলের স্ত্রী বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় আরিফ হাসান ‘মূল অর্থ জোগানদাতা’ হিসেবে কাজ করেছেন। তাঁর সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহিংসতায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
আইনজীবীর বক্তব্য
আরিফ হাসানের আইনজীবী তাহমিনা সুলতানা আদালতে বলেন, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর নামে নয়টি মামলা আছে। তাঁর হার্টে রিং পরানো। একই দিনে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কীভাবে হামলা করেন, সে প্রশ্ন তোলেন তিনি।
আরিফ হাসান এর আগে একাধিক মামলায় গ্রেপ্তার রয়েছেন। তিনি কারাগারে আছেন।



