চাকরির প্রলোভনে ডেকে এনে কিশোরদের মারধর-ছিনতাই, গ্রেফতার ৫
চাকরির প্রলোভনে ডেকে এনে কিশোরদের মারধর-ছিনতাই, গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের বন্দরে চাকরি দেওয়ার কথা বলে দুই কিশোরকে মোবাইল ফোনে ডেকে এনে মারধর ও টাকা-মোবাইল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

ঘটনার বিবরণ

বুধবার (২৪ জুন) রাতে বন্দরের ফরাজিকান্দার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। গ্রেফতারের পর ওই ৫ কিশোরকে বৃহস্পতিবার (২৫ জুন) আদালতে প্রেরণ করেছে পুলিশ।

মামলার বাদীর বক্তব্য

মামলার বাদী হাফিজুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে নাটোর জেলার সিংড়া থানার কামারবড়িয়া গ্রামের ইমরানের ছেলে লিমনের (১৪) সঙ্গে তামিমের পরিচয় হয়। লিমন সম্পর্কে তার (বাদীর) এলাকার ছোট ভাই। পরিচয়ের সূত্র ধরে তামিম চাকরি দেওয়ার কথা বলে লিমন ও তাকে বুধবার সন্ধ্যার দিকে বন্দর খেয়াঘাটে ডেকে আনে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তীতে তামিমসহ ৫ কিশোর একটি ব্যাটারিচালিত অটোরিকশা করে তাদের বন্দরে ফরাজীকান্দার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে নিয়ে যায়। সেখানে নির্জন স্থানে নিয়ে লিমন ও তাকে মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ধাওয়া দিয়ে ওই ৫ কিশোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

পুলিশের বক্তব্য

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, চাকরির কথা বলে ডেকে এনে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ৫ কিশোরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ