প্রবাসফেরত যুবক শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার, গ্রেপ্তার ১
প্রবাসফেরত যুবক শ্বশুরবাড়ির হাতে নির্যাতন, গ্রেপ্তার ১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিজের কেনা জমি বুঝে নিতে গিয়ে প্রবাসফেরত এক ব্যক্তি শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে শিকল দিয়ে নারকেলগাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগে মামলা হওয়ার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণ

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলায় তাঁর বাবা মহর উদ্দিন, চাচা আসাদ আলীসহ নয়জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিচয় ও ঘটনার পটভূমি

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সোরহাব হোসেন ওরফে বাবু প্রায় ১৭ বছর বিদেশে ছিলেন। ওই সময়ে তিনি জমি কেনার উদ্দেশ্যে কয়েক ধাপে শ্বশুর মহর উদ্দিনের কাছে প্রায় সাড়ে আট লাখ টাকা পাঠান। সম্প্রতি দেশে ফিরে তিনি ওই টাকায় কেনা জমি ও আর্থিক হিসাব বুঝে নিতে শ্বশুরবাড়িতে যান। এ নিয়ে মহর উদ্দিনের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্যাতনের বিবরণ

অভিযোগ অনুযায়ী, পরে শ্বশুরপক্ষের কয়েকজন সোরহাব হোসেনকে জোরপূর্বক আটক করে শিকল দিয়ে একটি নারকেলগাছের সঙ্গে বেঁধে মারধর করেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোরহাবকে উদ্ধার করে। পরে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

অভিযুক্তের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে মহর উদ্দিনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।