ঘটনার বিবরণ
কক্সবাজারের পেকুয়ায় আবু তাহের (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের একই এলাকার মৃত আব্দু সত্তারের ছেলে।
দীর্ঘদিনের বিরোধের জের
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু তাহেরের পরিবারের সঙ্গে একই এলাকার নূর হোসেনের ছেলে মো. সিফাতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে দুই পরিবারের মধ্যে রাত সাড়ে ৯টার দিকে মারামারির ঘটনা ঘটে। এতে সিফাতের হাতে থাকা ধারালো কিরিচ দিয়ে আবু তাহেরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
উদ্ধার ও মৃত্যু
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পুলিশের কার্যক্রম
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান যুগান্তরকে বলেন, খবর পেয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবু তাহেরের লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর মডেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আসামীদের ধরতে পুলিশ কাজ করছে।



