আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদক প্রতিরোধে সচেতনতামূলক ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুইটি পুরস্কার অর্জন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুরস্কারপ্রাপ্তরা
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের (যশোর) ম্যানেজার মিজানুর রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিজ্ঞানভিত্তিক মাদক প্রতিরোধ কার্যক্রমে বিশেষ অবদানের জন্য আহ্ছানিয়া মিশনের যশোর কেন্দ্রকে এবং জাতীয় মাদকবিরোধী র্যালিতে বর্ণাঢ্য অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ঢাকা আহ্ছানিয়া মিশনকে এ পুরস্কারের জন্য মনোনীত করে।
সচেতনতা র্যালি ও অংশগ্রহণ
দিবসটি উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত র্যালিতে তিন শতাধিক তরুণ-তরুণী ব্যানার, ফেস্টুন ও নানা সচেতনতামূলক বার্তা নিয়ে অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুর মোর্শেদ চৌধুরী। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।
ঢাকা আহ্ছানিয়া মিশনের দীর্ঘমেয়াদী কার্যক্রম
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন দেশে মাদক প্রতিরোধ, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি গাজীপুর, মুন্সিগঞ্জ ও যশোরে পুরুষদের এবং ঢাকায় নারীদের জন্য মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করছে।



