খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত, থানায় অভিযোগ
খিলগাঁওয়ে কলেজছাত্র কুপিয়ে আহত, থানায় অভিযোগ

রাজধানীর খিলগাঁওয়ে সৌরভ শাহরিয়ার (১৮) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর পরিচয়

আহত সৌরভ শাহরিয়ার খিলগাঁও মডেল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার বিবরণ

সৌরভের বাবা শুভ মাহমুদ বলেন, কয়েকজন বন্ধুর সঙ্গে তিলপাপাড়ার লাকি ফার্মেসির সামনে বসে ছিলেন তাঁর ছেলে। এ সময় স্থানীয় যুবক আরাফাত, ফাতিন ও সোলেমান অতর্কিত হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সৌরভের বাঁ কাঁধে কোপ দিয়ে তাঁরা পালিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের দাবি

শুভ মাহমুদ দাবি করেন, তাঁর ছেলের সঙ্গে হামলাকারীদের কোনো বিরোধ ছিল না। তাঁরা এলাকার বখাটে। হামলার সময় সৌরভের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও সেটি নিতে পারেননি। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশের বক্তব্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত সৌরভ শাহরিয়ার হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে।

সৌরভের পরিবারের বাসা খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ