দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি: সড়ক পরিবহনমন্ত্রী
দেশে মোটরসাইকেল নিবন্ধন ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। বিআরটিএ থেকে নিবন্ধন গ্রহণ করেনি এরূপ কোনো মোটরসাইকেলমালিক প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন দাখিল করলে বিআরটিএ কর্তৃক সেগুলোকে বৈধতা প্রদান তথা রেজিস্ট্রেশন নম্বর প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংসদে প্রশ্নোত্তর

আজ সোমবার জাতীয় সংসদে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়।

রংপুর-৩ আসনের সংসদ মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মন্ত্রী জানান, এই যানবাহনগুলোকে মহাসড়কের পরিবর্তে স্থানীয় ফিডার রোডে চলাচলে বাধ্য করতে এ ধরনের মোটরযানের নিবন্ধন বাধ্যতামূলক, মোটরযান চালকের ড্রাইভিং লাইন্সেস থাকা, কঠোর রুট নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন–সংবলিত থ্রি-হুইলার এবং সমজাতীয় মোটরযান চলাচল নীতিমালা প্রণয়ন করার কাজ চলছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ কার্যক্রম চলমান আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমআরটি লাইন-২ ও লাইন-৪

এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, এমআরটি লাইন-২–এর রুট এলাইনমেন্টে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত রুট এলাইনমেন্ট হলো—গাবতলী-ঢাকা উদ্যান-বছিলা মোড়, মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড-ঝিগাতলা-সায়েন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-লালবাগ-চকবাজার-মিটফোর্ট-নয়াবাজার-ধোলাইখাল-দয়াগঞ্জ-কাজলা-ডেমরা-সাইনবোর্ড-ভূইঘর-জালকুড়ি-শিবুমার্কেট-নারায়ণগঞ্জ। প্রস্তাবিত রুটের দৈর্ঘ্য ৩০ দশমিক ৪০ কিলোমিটার। এই রুট এলাইনমেন্ট বিবেচনা করে উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধানের জন্য পিডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন। পরিকল্পনা কমিশন হতে নীতিগত অনুমোদন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ হতে অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত প্রাপ্তির পর সম্ভাব্যতা যাচাই করা হবে।

এ ছাড়া কমলাপুর থেকে নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৪ নির্মাণের জন্য দক্ষিণ কোরিয়া কে এক্সিম ব্যাংক সম্ভাব্যতা যাচাই করেছে। তাদের প্রতিবেদন যাচাইপূর্বক ডিএসটিসিএল বরাবর প্রেরণ করার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

জাতীয় এক্সপ্রেসওয়ে ও টোল সেতু

মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ’ এর সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৈদেশিক অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সারা দেশে বর্তমানে টোল আদায়ের আওতাভুক্ত ৬৭টি সেতু রয়েছে। টোল আদায় রাজস্ব আয়ের উৎস। সরকার চাইলে যেকোনো সেতুর টোল আদায় বন্ধ বা চালু করতে পারে। ২০২৪ সালের ৫ আগস্টের পরে ৯টি সেতুর টোল আদায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে দুটি সেতুর টোল আদায় চালু করা হয়েছে। আরও সাতটি সেতুর টোল আদায় এখনো বন্ধ আছে।

রেলওয়ের সৌরবিদ্যুৎ ও অনলাইন টিকিট

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমি ও ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হতে গত ৯ ডিসেম্বর নেট মিটারিং নির্দেশিকা-২০২৫–এর ওপেক্স মডেল অনুসরণ করা হচ্ছে। এ মডেল অনুযায়ী বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ আহ্বান করা হবে। প্রথম পর্যায়ে কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট রেলস্টেশনের খালি ছাদে এবং ঢাকায় অফিস ভবনের ছাদে সোলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও এ কার্যক্রমের আওতায় আনা হবে।

কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, রেলওয়ের অনলাইনের টিকিটের জন্য স্বল্প সময়ের মধ্যে অতিরিক্তসংখ্যক পাসওয়ার্ড রিসেট অনুরোধ বা বারবার ক্রেডেনশিয়াল পরিবর্তনের চেষ্টা করা হলে ওই কার্যক্রমকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। গত তিন মাসে ৭ হাজার ৮১০টি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর মধ্যে মার্চে ৪ হাজার ৩৩৪টি, এপ্রিলে ৪১৩ এবং মে মাসে ৩ হাজার ৬৩টি।